
স্টাফ রিপোর্টার: জন্ম ও মৃত্যু নিবন্ধনের সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তির স্বীকৃতি হিসেবে দেশসেরা ইউএনও হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন দ্রুত ও সঠিকভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এমপি-এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা।
এবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য ছিল নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
জানা গেছে, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে দেশের সর্বাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তির স্বীকৃতি হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
সম্মাননা গ্রহণের পর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত। নিবন্ধনে ভুল থাকলে পরবর্তীতে শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে মানুষকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। তাই সংশোধনের আবেদন দ্রুত, স্বচ্ছ ও যথাযথভাবে নিষ্পত্তি করা নাগরিক সেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত কাজের স্বীকৃতি। নাগরিকদের হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা ও পরিকল্পনার সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সরাসরি সম্পর্কিত। তাই সঠিক ও নির্ভুল তথ্য সংরক্ষণ রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তারা বলেন, নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। ভুল তথ্য সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি হলে নাগরিক ভোগান্তি কমে এবং সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়ে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের এ অর্জনকে সংশ্লিষ্টরা নাগরিক সেবা প্রদানে দক্ষতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।
এদিকে দেশের সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তির স্বীকৃতি পাওয়ায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমাকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা এবং বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও জনহিতকর সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে দেশের সর্বাধিক সংশোধন আবেদন নিষ্পত্তিকারী হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার এ অর্জন লক্ষ্মীপুরবাসীর জন্য গর্বের। তিনি বলেন, সরকারি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করতে তাঁর এ উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।























