
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় নিয়োগপ্রাপ্ত সদস্যদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো: আবু তারেক।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) এস. এম. কামরুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যরা পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবেন। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে এবং শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ উদ্যোগ সফল করতে পুলিশ, পৌরসভা ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যরা জেলা শহরের পৌরসভা এলাকার যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন। এ উদ্যোগের মাধ্যমে শহরের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।























