
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মসজিদ বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিরন (৩৮) ও বাহার (৩৫) নামের দুই ব্যক্তিকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। অভিযানটি ডিবির ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়।
গ্রেপ্তার কিরন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার ইটের পুলসংলগ্ন খোড়া শাহী জামে মসজিদ বাড়ির মৃত এসহাক মিয়া ও তাহেরা খাতুনের ছেলে। অপরদিকে, বাহার লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার জাহা বক্স সওদাগর বাড়ির মৃত মানিক উল্লা ও জাহানারা বেগমের ছেলে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
























