
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিকালে মন্দিরে ডেকোরেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় গোপাল গিরিধারী মন্দিরে ডেকোরেশনের কাজ করছিলেন কামাল। কাজের একপর্যায়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উপস্থিত লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহার ও রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মন্দিরের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত আটটার দিকে কামাল হোসেনের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করে রায়পুর থানা-পুলিশ।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা নিবিড়ভাবে তদারকি করছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
ইউএনও আজিজুন নাহার ও রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























