
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মো. বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই হাত ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে হাজিরপাড়া বাজারে বেলাল হোসেনের নিজস্ব অফিসে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে বেলাল হোসেন অভিযোগ করেন, আমজাদ ভূঁইয়ার কাছে গত চার মাসের ইন্টারনেট বিল বকেয়া ছিল। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী তাঁর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় আমজাদ ভূঁইয়ার নেতৃত্বে ৮ থেকে ১০ জন তাঁর অফিসে গিয়ে লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর দুই হাত ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত ব্যবসায়ী।
অভিযোগের বিষয়ে জানতে আমজাদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























